জাতীয় সংসদে উত্থাপিত ট্রান্সফার অব প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ এ মুসলমানদের পারিবারিক ও সামাজিক বিধিব্যবস্থার পাশাপাশি শরিয়াহর সুস্পষ্ট বিধানসমূহের পূর্ণাঙ্গ প্রতিফলন নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির শীর্ষ নেতৃবৃন্দ মনে করেন, দেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস এবং পারিবারিক উত্তরাধিকার আইন সুরক্ষায় এই বিলে প্রয়োজনীয় সংশোধনী আনা অত্যন্ত জরুরি।
সম্প্রতি এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে বলা হয়, সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী যেন কোনোভাবেই ইসলামী শরিয়াহ বিধানের পরিপন্থী না হয়। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ উল্লেখ করেন, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ধর্মীয় মূল্যবোধের ওপর বিভিন্ন সময় আঘাত হানার অপচেষ্টা চালানো হয়েছিল, যা বর্তমান গণতান্ত্রিক ও জনবান্ধব পরিবেশে কোনোভাবেই কাম্য নয়।
জমিয়তের পক্ষ থেকে আরও জানানো হয় যে, দেশের ধর্মপ্রাণ মানুষের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রস্তাবিত এই বিলে প্রয়োজনীয় ধারা সংযোজন করা উচিত। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান দলটির নেতারা। দেশের এই গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে যেকোনো ধরনের জটিলতা এড়াতে শরিয়াহ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আইনটি চূড়ান্ত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক