জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা শিক্ষা অফিসে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। উপজেলার মোট ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৮টিতেই কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য থাকায় প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটছে। এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক না থাকা ১২৮টি বিদ্যালয়ের মধ্যে বর্তমানে ২৭টিতে চলতি দায়িত্বে এবং ১০১টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কোনোমতে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সচল রাখা হয়েছে। এর ফলে বিদ্যালয়গুলোর পাঠদান থেকে শুরু করে দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে, উপজেলা শিক্ষা অফিসেও অর্ধেকের বেশি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল না থাকায় মাঠপর্যায়ে মনিটরিং ও তদারকি কার্যক্রম থমকে গেছে।
স্থানীয় শিক্ষক ও সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান, দ্রুত শূন্য পদগুলোতে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া না হলে প্রাথমিক শিক্ষার মান আরও নিচে নেমে যেতে পারে। এই সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক