ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিনের ইসরায়েলি অমানবিক অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে আবারও সমুদ্রপথে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজ বহর ফ্রিডম ফ্লোটিলা। গাজায় চলমান চরম মানবিক সংকট নিরসন এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে আগামী অক্টোবরে গাজা উপকূলে পৌঁছানোর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই নতুন মিশন শুরু করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি।
বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত এই বহরটিতে রয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র, শিশুখাদ্য এবং জরুরি চিকিৎসাসামগ্রী। উদ্যোক্তারা আশা করছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন ও উপস্থিতির মাধ্যমে এবার তারা গাজার মজলুম মানুষের কাছে সরাসরি ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হবেন। এর আগেও বেশ কয়েকবার এই ধরনের উদ্যোগ নেওয়া হলেও ইসরায়েলি সামরিক বাহিনীর বাধা এবং নানামুখী আন্তর্জাতিক কূটনীতির কারণে তা পুরোপুরি সফল হয়নি। তবে এবার নতুন কৌশল ও ব্যাপক প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছে এই মানবিক অভিযাত্রার জাহাজগুলো।
আরববাংলা টিভি/ডেস্ক