জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে ১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে আরও বলেন, দেশের সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে তাদের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত রয়েছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা এবং মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ওপর শোষণ চালিয়েছে। তাদের দোসররা বারবার দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু এ দেশের জনগণ আর কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের এই লংমার্চ জনগণের মুক্তির বার্তা নিয়ে এসেছে।
তিনি আরও যোগ করেন, জনগণের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে কোনো ধরনের অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের স্থান হবে না। অবিলম্বে সব দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান তিনি। পথসভায় ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন এবং লংমার্চ সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আরববাংলা টিভি/ডেস্ক