গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আয়োজিত লং মার্চ কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এ দেশের আপামর জনসাধারণ ও ছাত্র-জনতা রক্ত দিয়েছিলেন। এই রাজপথেই বহু তাজা প্রাণ ঝরে পড়েছিল, যা আমরা কেউ কখনো ভুলতে পারব না।
তিনি আরও বলেন, শহিদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত অধিকার এবং তাদের কাঙ্ক্ষিত দাবিগুলো পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। জনগণের ন্যায্য অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার এই লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে, সমস্ত দাবি পূরণ করেই তবে আমরা ঘরে ফিরে যাব।
উক্ত পথসভায় জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও জনতার মাঝে চরম উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংবাদকর্মীদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ জানান, সরকারের টনক না নড়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন দেশব্যাপী অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক