ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হবেন ট্রাম্প বলে মনে করেন ওয়াশিংটন-ভিত্তিক ভূরাজনৈতিক ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান গালফ স্টেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী জর্জিও কাফিয়েরো। গণমাধ্যমকে কাফিয়েরো বলেন, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক চাপের কারণে ইরানের দৈনন্দিন অর্থনৈতিক সংকট ও মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করলেও তা তেহরানের নীতি পরিবর্তনে বাধ্য করতে পারেনি।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের সর্বাত্মক নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান তাদের আঞ্চলিক কৌশল এবং পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসেনি। বরং এই বৈরী পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক স্বার্থের পরিপন্থী। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন প্রভাব বিস্তার এবং তেহরানকে নতজানু করার যে কৌশল ওয়াশিংটন গ্রহণ করেছিল, তা বাস্তবায়নের ক্ষেত্রে ওয়াশিংটনকে বারবার হোঁচট খেতে হচ্ছে।
অতীতে বিভিন্ন সময়ে মার্কিন নীতিনির্ধারকরা ইরানের ওপর সর্বোচ্চ চাপের নীতি প্রয়োগ করলেও তেহরান বিকল্প উপায়ে তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ওয়াশিংটনের এই কৌশলগত ব্যর্থতা কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং বৈশ্বিক রাজনীতিতেও মার্কিন শক্তির সীমাবদ্ধতা স্পষ্ট করে তুলেছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিক আলোচনার টেবিলে সুনির্দিষ্ট সমঝোতা ছাড়া কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তেহরানকে কাবু করা সম্ভব নয়।
আরববাংলা টিভি/ডেস্ক