কুড়িগ্রামের রৌমারীর সহকারী কমিশনার ভূমি রাফিউর রহমানের বিরুদ্ধে এক সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে তাকে বদলির প্রজ্ঞাপন জারির পরদিন এই আকস্মিক তল্লাশি চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ প্রকাশের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয় গণমাধ্যমকে জানান তিনি।
বুধবার ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়। এরপরের দিনই এই তল্লাশির ঘটনা ঘটে, যা স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মূলত একটি সংবাদের জেরে আক্রোশ বশত এই অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে দীর্ঘ তল্লাশির পরও সাংবাদিকের বাড়ি থেকে কোনো ধরনের মাদক বা অবৈধ কিছু উদ্ধার করা যায়নি। এই ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সংবাদকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক