শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

আলিয়ার শরীরচর্চার ভিডিও ভাইরাল, মুগ্ধ ভক্তরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও সবসময় সচেতন। ব্যস্ত শুটিং সূচি কিংবা মাতৃত্ব-কোনো কিছুই তার শরীরচর্চার নিয়মে ছেদ ফেলতে পারেনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার কঠোর অনুশীলনের একটি ভিডিও, যা দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

সম্প্রতি আলিয়ার ব্যক্তিগত প্রশিক্ষক করণ সাহনি ইনস্টাগ্রামে অভিনেত্রীর শরীরচর্চার কয়েকটি মুহূর্ত শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, জিমে বিভিন্ন ধরনের কঠিন ব্যায়াম করছেন আলিয়া। কখনো শক্তি বাড়ানোর অনুশীলন, কখনো ভারসাম্য রক্ষার ব্যায়াম—প্রতিটি ধাপেই আত্মবিশ্বাসী ও মনোযোগী দেখা গেছে তাকে।

ভিডিওতে আলিয়ার পরনে ছিল একটি হল্টারনেক ক্রপ টপ ও কালো শর্টস। চুল খোঁপা করে বাঁধা, মুখে ছিল না কোনো সাজসজ্জা। একেবারে সাধারণ লুকে নিজের অনুশীলনে মনোযোগী ছিলেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাকশনধর্মী চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতেই দীর্ঘদিন ধরে কঠোর ফিটনেস প্রশিক্ষণ নিচ্ছেন আলিয়া। এর আগে ‘জিগরা’ সিনেমায় একাধিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘আলফা’ সিনেমার জন্যও বিশেষভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন।

এক সাক্ষাৎকারে করণ সাহনি জানান, আলিয়াকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ ছিল, যাতে তিনি একই সঙ্গে ছিপছিপে, ফিট এবং অ্যাকশন দৃশ্যের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে উঠতে পারেন।

যদিও ‘আলফা’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবে ছবির জন্য আলিয়ার কঠোর পরিশ্রম ও ফিটনেসচর্চা প্রশংসা কুড়িয়েছে। ভাইরাল হওয়া নতুন ভিডিওটি সেই পরিশ্রমেরই আরেকটি প্রমাণ বলে মনে করছেন অনেকেই।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা আলিয়ার প্রশংসায় ভাসছেন। অনেকের মতে, মা হওয়ার পরও যেভাবে নিয়মিত শরীরচর্চা করে নিজেকে ফিট রেখেছেন তিনি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। কেউ কেউ আবার বলছেন, পর্দায় অ্যাকশন দৃশ্যে আলিয়ার স্বচ্ছন্দ উপস্থিতির পেছনে রয়েছে এই কঠোর অনুশীলন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD