বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সিংগাইরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৬:০১ pm

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভরভাবে পৌঁছে দিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ২১ মে পর্যন্ত মেলাটি চলবে।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত জটিলতা ও বিরোধ অনেক সময় পারিবারিক কলহের কারণ হয়ে দাঁড়ায়। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছে। তিনি ভূমি সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সরকারি সেবা গ্রহণে দালালমুক্ত পরিবেশ তৈরিতে প্রশাসনের প্রচেষ্টার প্রশংসা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হবেল উদ্দিন। এ সময় বক্তব্য দেন সিংগাইর থানার পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খান বিবেক, সাব-রেজিস্ট্রার মোছা. মাহমুদা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, সেটেলমেন্ট অফিসার শান্তি চাকমা এবং সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. মোবারক হোসেন।

মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, ই-নামজারি, খতিয়ান যাচাইসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সরাসরি তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া সাধারণ মানুষকে অনলাইনভিত্তিক ভূমি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

আয়োজকরা জানান, স্বচ্ছতা ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD