২০২৭ সালে আফ্রিকা মহাদেশে বসতে যাচ্ছে আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। টুর্নামেন্ট শুরু হতে এখনো প্রায় এগারো মাস বাকি থাকলেও বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে টিকিট ঘিরে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের অনেক আগেই টিকিটের জন্য বিশ্বব্যাপী আবেদন জমা পড়েছে ১২ কোটিরও বেশি। এই বিপুল পরিমাণ আবেদন প্রমাণ করে যে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টগুলোর একটি হিসেবে ওয়ানডে বিশ্বকাপের আবেদন কতটা গভীর ও ব্যাপক।
আফ্রিকার মাটিতে আয়োজিত হতে যাওয়া এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে আয়োজক দেশগুলো ইতিমধ্যেই তাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার বিভিন্ন স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মাঠগুলোতে খেলা উপভোগ করতে মুখিয়ে আছেন সমর্থকরা। টিকিট ক্রয়ের এই রেকর্ড পরিমাণ আবেদন কেবল ক্রীড়ামোদী সাধারণ মানুষের মাঝেই নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ক্রীড়াবাজারেও এক বিশাল ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টি ফরম্যাটের জয়জয়কার থাকলেও ঐতিহ্যবাহী ওয়ানডে বিশ্বকাপের প্রতি দর্শকের ভালোবাসা একটুও কমেনি। বরং দীর্ঘ প্রতীক্ষিত এই আসরটির জন্য সমর্থকরা অনেক আগে থেকেই নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন। আইসিসি জানিয়েছে, প্রতিটি ধাপের টিকিট বরাদ্দ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে এবং যারা প্রাথমিক ড্রাইভে আবেদন করেছেন, তাদের পরবর্তীতে নিয়মাফিক ইমেলের মাধ্যমে আপডেট জানানো হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি পর্বের টিকিটের জন্যই হিরিক পড়েছে। বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তানের মতো ঐতিহ্যবাহী ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদা আকাশচুম্বী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যে টিকিটের দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আশা করছে, আসন্ন এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ গ্যালভর্তি দর্শক নিয়ে অনুষ্ঠিত হবে এবং এটি ক্রীড়া ইতিহাসের অন্যতম সফল একটি টুর্নামেন্ট হিসেবে রেকর্ড গড়বে।
আরববাংলা টিভি/ডেস্ক