ভোক্তাপর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের অর্থাৎ এলপিজির দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। টানা পঞ্চমবারের মতো ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের এ সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, ঠিক সেই সময়ে এলপিজির মতো একটি অতি জরুরি জ্বালানির দাম দফায় দফায় বৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের নীতিনির্ধারক মহলের উদাসীনতার কারণেই আজ সাধারণ জনগণের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।
বিব্রেতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটাপন্ন হয়ে উঠেছে। রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম এভাবে নাগালের বাইরে চলে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে গ্যাসের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে ছাত্রশিবির। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও উচ্চারণ করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক