চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই তরুণের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং সুবহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। স্থানীয় সূত্র থেকে জানা যায়, দুপুরে তারা আরও কয়েকজনের সাথে মহানন্দা নদীতে গোসল করতে নেমেছিলেন। সাঁতার কাটার একপর্যায়ে নদীর গভীর স্রোতে তারা তলিয়ে যান।
স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালান এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নদীে নামার সময় সতর্কতা অবলম্বনের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক