বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬ নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার উপজেলার সোনাপুর এসএইচএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক। জেলা শিক্ষা অফিসের মূল্যায়নে সর্বোচ্চ ৮১ নম্বর পেয়ে তিনি এ গৌরবোজ্জ্বল স্বীকৃতি অর্জন করেছেন। শিক্ষা ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবদান, পাঠদানের আধুনিক ও আকর্ষণীয় পদ্ধতি এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম দায়িত্ববোধের কারণেই তিনি এই মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত ২১ সেপ্টেম্বর জেলা শিক্ষা অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষকতা পেশায় নৈতিকতা বজায় রেখে কীভাবে মানসম্মত শিক্ষা বিস্তার করা যায়, এমদাদুল হক তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে গণমাধ্যমকে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। তার এই অর্জনে কেবল সোনাপুর এসএইচএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ই নয়, বরং পুরো দোয়ারাবাজার উপজেলাজুড়ে শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। স্থানীয় সুধীজন ও শিক্ষানুরাগী ব্যক্তিরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
শিক্ষকতার মতো একটি মহান পেশায় নিয়োজিত থেকে এমন অর্জন ভবিষ্যতের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয় শিক্ষাবিদেরা। এমদাদুল হক তার এই সাফল্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এই অর্জন তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি আগামী দিনেও সততা ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এবং দেশের আলোকিত ভবিষ্যৎ নির্মাণে নিজের জীবন উৎসর্গ করে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক