রাজধানীর বুকে একের পর এক সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দেশ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের অপসারণ দাবি করে বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের লুটপাট ও দখলদারিত্বের সংস্কৃতি এখনও পুরোপুরি বন্ধ হয়নি। বরং নতুন করে বিভিন্ন নাম ভাঙিয়ে একটি চক্র নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। অবিলম্বে এসব দুষ্কৃতকারীকে দমন করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা নাVহলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এ সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনকে আরও কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান মাওলানা জালালুদ্দীন আহমদ। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
আরববাংলা টিভি/ডেস্ক