বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

স্বতন্ত্রের জাফর আলমের বিরুদ্ধে সিইসিকে জনপ্রতিনিধিদের চিঠি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৬:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজার-১ আসনে হাতঘড়ি প্রতীকের প্রচারণায় অংশ নেওয়ায় চকরিয়া ও পেকুয়া উপজেলার জনপ্রতিনিধিদের ভয়ভীতি প্রদর্শন এবং গুম-হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ও তার অনুসারীদের বিরুদ্ধে।

বুধবার (২৭ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছেন চকরিয়া ও পেকুয়া উপজেলার জনপ্রতিনিধিরা।

অভিযোগে তারা বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অন্যতম চ্যালেঞ্জ। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে একটি নিরপেক্ষ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে অঙ্গীকারবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সেই লক্ষ্যে কক্সবাজার-১ আসনে নিজ নিজ এলাকায় পছন্দের প্রার্থীর পক্ষে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কাজ করে যাচ্ছি। সর্বোচ্চ সংখ্যক ভেটারদের নির্বাচনে অংশগ্রহণ করতে প্রচার চালিয়ে যাচ্ছি, যা পরোক্ষভাবে ইসির উদ্যোগের সহায়ক।

কিন্তু পরিতাপের সঙ্গে জানাচ্ছি যে, বর্তমান সংসদ সদস্য জাফর আলম আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার বিপরীতে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম হাতঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এমতাবস্থায়, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম হাতঘড়ি প্রতীকের পক্ষে কাজ করায় বর্তমান সংসদ সদস্য ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম নিজে এবং তার সশস্ত্র ক্যাডার বাহিনী অবৈধ অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে গুম ও হত্যার হুমকি দিচ্ছেন। এছাড়া, তার উচ্ছৃঙ্খল কর্মী বাহিনী দ্বারা হাতঘড়ি প্রতীকের নির্বাচনী পোস্টার, ব্যানার, লিফলেট ও ফেস্টুন সব জায়গায় ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি ব্যানার, পোস্টার ও ফেস্টুন লাগাতেও বাধা দেওয়া হচ্ছে। এসবের তথ্যনির্ভর প্রমাণ রয়েছে। বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

এ ধরনের হুমকি প্রদর্শন, চাপ প্রয়োগসহ নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলা ও টানাতে বাধা দেওয়ার মতো অপতৎপরতা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বড় অন্তরায়। এতে আমরা জনপ্রতিনিধিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযোগে তারা বলেন, কক্সবাজার-১ আসনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জনগণ ও জনপ্রতিনিধিদের নিরাপত্তা বিধান ও হয়রানি রোধে অভিযোগ যাচাই সাপেক্ষে পরবর্তী কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইসির প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

অভিযোগে সই করেছেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য আবু তৈয়ব, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক, কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন ও বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুরুল কাদের।

আরও সই করেছেন, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খ ম আওরঙ্গজেব বুলেট, বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, বি এম চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন উদ্দিন আহমেদ, রাজাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ চৌধুরী ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউল আলম।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD