পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত হলেও প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ও কারিগরি প্রস্তুতি শেষ না হওয়ায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়নি। ফলে ১ নভেম্বর থেকে পর্যটন মৌসুম শুরু হলেও দেশের অন্যতম জনপ্রিয় এই প্রবাল দ্বীপে যেতে পারছেন না ভ্রমণপিপাসুরা। এর ফলে পর্যটন খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
প্রতি বছর নভেম্বর মাসের শুরু থেকেই সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও এবার নানা জটিলতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজের রুট পারমিট, পরিবেশগত ছাড়পত্র এবং বিআইডব্লিউটিএর চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। নিয়মমাফিক প্রক্রিয়াগুলো দ্রুত শেষ করার জন্য ব্যবসায়ীরা জোর দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।
এদিকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর পর্যটন মৌসুমকে কেন্দ্র করে সেন্টমার্টিনের হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ মালিকরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলেন। কিন্তু জাহাজ চলাচল শুরু না হওয়ায় বুকিং বাতিল করতে হচ্ছে। দেশের অর্থনীতিতে পর্যটন খাতের একটি বড় ভূমিকা রয়েছে, যার একটি অংশ আসে এই সেন্টমার্টিন দ্বীপ কেন্দ্র করে। এমন পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক জটিলতা নিরসন করে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আরববাংলা টিভি/ডেস্ক