সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

রাজারহাটে যমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ণ

বাবার বেকারত্ব, সংসারে অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতা—সবকিছুকে পেছনে ফেলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে এই দুই মেধাবী শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে পুরো এলাকায় এক আলোড়ন সৃষ্টি করেছে। তাদের এই সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আনন্দিত স্থানীয় এলাকাবাসীও।

খোঁজ নিয়ে জানা গেছে, এই যমজ বোনের বাবা দীর্ঘদিন ধরে কর্মহীন ও বেকার। ফলে চার সদস্যের এই সংসারটিতে নিত্যদিনই লেগেই থাকত চরম অনটন। তিন বেলা ঠিকমতো খাবার জোটাতে না পারা এবং পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাওয়ার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাদের প্রতিনিয়ত। কিন্তু শত প্রতিকূলতা ও অভাবের তাড়নাকে তারা কখনো পড়াশোনার পথে বাধা হতে দেয়নি। বরং নিজেদের প্রবল ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের জোরে তারা এই দূরহ পথ পাড়ি দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, এখানকার পরিবেশ ও সুযোগ-সুবিধার ঘাটতি থাকা সত্ত্বেও অদম্য প্রতিভার বলে এই দুই বোন নিজেদের প্রমাণ করেছে। সাংবাদিকদের তারা জানিয়েছেন, ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চান তারা। তাদের এই সাফল্যে শিক্ষকদের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেছেন সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD