বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল ক্রিস স্মিথ। রোববার (২৭ সেপ্টেম্বর) সেনাসদরে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর এই শীর্ষ কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠককালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময় এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষা নিয়ে উভয় পক্ষই গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। এছাড়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সেনাসদরে পৌঁছালে অস্ট্রেলিয়ার উপপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। এ সময় দুই দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সাক্ষাতের মাধ্যমে দুই বন্ধুভাবাপন্ন দেশের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক