খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত খিল্যু মারমা উপজেলার ছনখলা এলাকার কংজু মারমার ছেলে। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অবিলম্বে এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার এই অমানবিক ঘটনাটি ঘটে। ঘটনার দিন শিশুটিকে একা পেয়ে লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে ওই লম্পট। পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখলে তাকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অভিযুক্তকে আটকের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। গুইমারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত খিল্যু মারমাকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আটককৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত প্রক্রিয়া আরও জোরদার করা হবে এবং নির্যাতিত শিশুর সুচিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক