বুধবার, ২০ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৩:১০ pm

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনার জবাবে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে। বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া ও পাল্টা ফায়ার করায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে পাল্টা গুলি চালায় বিজিবি। দুই পক্ষের এই অনাকাঙ্ক্ষিত গোলাগুলির পর সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের কারণে পরিস্থিতি আর বাড়তে পারেনি এবং দ্রুত তা নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর থেকে সোনারহাট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি ব্যাপক জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতির পর স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী সাধারণ মানুষকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য অনুরোধ জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের সতর্ক ও সচেতন করা হচ্ছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD