মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সিআইডি সেজে তরুণীর সঙ্গে প্রতারণা, অতঃপর গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ

ভুয়া সিআইডি পরিদর্শকের ছদ্মবেশ ধারণ করে অসংখ্য নারীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ঘটনায় মো. মোশারফ হোসেনকে (নয়ন) গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গতকাল বুধবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, ওই প্রতারক সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইমু, টিকটক) ব্যবহার করে বিভিন্ন বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সুযোগ বুঝে তাদের ভিডিও কল করে, কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতো। সেসব নারীদের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা প্রলোভনে তাদের একান্ত ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ই ছিল তার কাজ।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের স্মার্টফোনে অসংখ্য মেয়ের আপত্তিকর ভিডিও ফুটেজ এবং ছবি পাওয়া যায়। সেসব ছবি এবং ফুটেজের ব্যাপারে অভিযুক্ত প্রতারক প্রাথমিকভাবে স্বীকারোক্তি প্রদান করেছে।

গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে নিজ পরিচয় গোপন রেখে প্রতারণার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইক ফেসবুক আইডি, ইমু, টিকটক) ব্যবহার করে সিআইডি ইন্সপেক্টর পরিচয়ে বিভিন্ন বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে প্রতারণা করে আসছে। আসামি সিআইডি ইন্সপেক্টর পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন টেইলার্স এর সঙ্গে সখ্যতা করে সিআইডির জ্যাকেটের আদলে জ্যাকেট তৈরি করে এবং অনলাইনে ফেসবুক মার্কেটপ্লেস থেকে ওয়াকিটকি ও পিস্তল সদৃশ গ্যাস লাইটার হোম ডেলিভারি নিয়ে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা করে আসছিলেন। সাইবার পুলিশ সেন্টারের অভিযানকালে আসামির নিজ দখল হতে আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় পল্টন মডেল থানায় (ডিএমপি) একটি মামলা দায়ের করেছিলেন প্রতারণার শিকার তরুণী। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD