চট্টগ্রামের একটি ডাকঘরে বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৯ হাজার ৬৯১ পিস রং ফর্সাকারী ক্রিম এবং ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ৩১টি কার্টনে ভরে অত্যন্ত সুকৌশলে এসব অবৈধ ও ক্ষতিকর পণ্য দেশের ভেতরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল। কাস্টমস কর্তৃপক্ষের কঠোর নজরদারির কারণে এই চোরাচালান চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এ ধরনের অবৈধ প্রসাধনসামগ্রী ও ই-সিগারেটের তরল পদার্থ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং কাস্টমস আইন অনুযায়ী এগুলো আমদানির ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে ডাক বিভাগের মাধ্যমে বিদেশে থেকে অবৈধভাবে বিভিন্ন নিষিদ্ধ পণ্য খালাস করার অপচেষ্টা চালিয়ে আসছে। কাস্টমস কর্তৃপক্ষ এই ঘটনার সাথে জড়িত মূল হোতাদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কাজ শুরু করেছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক