মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

চিলমারীতে স্কুল ফিডিংয়ের রুটিতে পোকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের চিলমারীতে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পচা, বাসি ও পোকা খাওয়া রুটি বিতরণ করার গুরুতর অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বন রুটিতে পোকা পাওয়ার ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গতকাল রোববার সকালে থানাহাট ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য এই অস্বাস্থ্যকর খাবার সরবরাহ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হলেও কতিপয় অসাধু ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে এই মহৎ উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে। কোমলমতি শিশুদের স্বাস্থ্যের কথা বিবেচনা না করে কীভাবে এমন পচা ও পোকাযুক্ত খাবার বিতরণ করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ অভিভাবকরা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল ও অভিভাবকরা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD