বর্তমান সরকারের বিভিন্ন কার্যকলাপে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তরের নামে কোরআনবিরোধী বিল পাস, আইনমন্ত্রীর বক্তব্য—কোরআন মানবজাতির সংবিধান হতে পারে না এবং বিশ্বজয়ী হাফেজদের হাতে সমকামিতাকে উৎসাহিত করে এমন গ্রন্থ নেক্সাস তুলে দেওয়ার ঘটনা প্রমাণ করে সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, দেশের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে পবিত্র কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ইসলাম ধর্মের মৌলিক চেতনার পরিপন্থী কার্যক্রম পরিচালনা করা দেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতার হৃদয়ে চরম আঘাত হানছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ দেশের ধর্মীয় মূল্যবোধ ধ্বংসের পাঁয়তারা চালিয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে খেলাফত আন্দোলনের শীর্ষ নেতারা অবিলম্বে ইসলামবিরোধী বিতর্কিত বিল ও কার্যক্রমগুলো বাতিলের দাবি জানান। অন্যথায় দেশের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক