বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সরকারি সব কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ

পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এই যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা পুরনো নিয়মের সংস্কার এবং আধুনিক বিধিমালা প্রণয়নের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নতুন এই নির্দেশনার ফলে দেশের প্রতিটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থায় চলমান সব টেন্ডার প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত বিধিমালা এবং নতুন রেট সিডিউল প্রকাশিত হলে সরকারি কেনাকাটায় দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির পথ অনেকটাই বন্ধ হবে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সরকারি কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও লুটপাটের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, বর্তমান প্রশাসনের এই পদক্ষেপে তা রোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

খুব শীঘ্রই সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা সাপেক্ষে নতুন বিধিমালা চূড়ান্ত করা হবে এবং তা গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর পুনরায় স্বাভাবিক নিয়মে দরপত্র আহ্বান করা যাবে বলে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে। সাধারণ মানুষ ও ঠিকাদারদের দীর্ঘমেয়াদী সুবিধার কথা মাথায় রেখেই এই অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD