এসআইআর প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও ভোট চুরির অভিযোগ উঠেছে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে। চলছে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ। এর মধ্যেই কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার ভিডিও ফুটেজ আদালতে উপস্থাপন করতে না পারায় ভারতের নির্বাচন কমিশনকে তীব্র তিরস্কার করেছে দেশের সর্বোচ্চ আদালত। ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে, ঠিক সেই মুহূর্তে আদালতের এই কড়া অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট আইনজীবী, কর্ণাটকের একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোট গণনার সময়কার সিসিটিভি বা ভিডিও ফুটেজ চেয়েছিল আদালত। কিন্তু নির্বাচন কমিশন তা সরবরাহ করতে ব্যর্থ হয়। এই ঘটনায় উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়ার মতো একটি সংবেদনশীল বিষয়ে এ ধরনের গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটাধিকার এবং তার সঠিক মূল্যায়নের বিষয়টি অত্যন্ত পবিত্র। সেখানে তথ্যের অস্বচ্ছতা বা ভিডিও সংরক্ষণে ব্যর্থতা কমিশনের নিরপেক্ষতাকেই কাঠগড়ায় দাঁড় করায়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলো ক্রমাগত প্রশ্ন তুলেছে। ইভিএম কারচুপি এবং ভোট গণনায় কারচুপির অভিযোগে সরগরম দেশটির রাজনৈতিক ময়দান। এর আগেও বিভিন্ন মামলায় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই রায় বা পর্যবেক্ষণ ভারতের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে আরও বেশি গতিশীল করবে বলেই ধারণা করা হচ্ছে। বিচারালয়ের এমন কঠোর নজরদারির ফলে ভবিষ্যতে ভোট পরিচালনা ও তথ্য সংরক্ষণে কমিশন আরও বেশি দায়িত্বশীল হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক