ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। বৈশ্বিক এই জটিল পরিস্থিতিতে জ্বালানির দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি, সুদের হার এবং বিভিন্ন দেশের ক্রমবর্ধমান ঋণের বোঝা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসছেন বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা। বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে এবং সম্ভাব্য মন্দা মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিচ্ছেন বিশ্ব নেতারা।
বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয়েছে। আন্তর্জাতিক আর্থিক বাজারকে স্থিতিশীল রাখতে এবং আঞ্চলিক সংঘাতের অর্থনৈতিক অভিঘাত থেকে উন্নয়নশীল দেশগুলোকে সুরক্ষা দিতে সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। অর্থনীতিবিদরা মনে করছেন, বর্তমান সংকটে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা বিশ্ব অর্থনীতির বর্তমান গতিপ্রকৃতি পর্যালোচনা করে যৌথভাবে সংকট উত্তরণের পথ খুঁজছেন। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির কারণে সাপ্লাই চেইনে যে বিঘ্ন ঘটছে, তা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাণিজ্যে এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা নিয়ে বিশদ বিশ্লেষণ তুলে ধরা হচ্ছে এই বৈশ্বিকমঞ্চে।
আরববাংলা টিভি/ডেস্ক