বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

লাইফ সাপোর্টে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ

সোহরাওয়ার্দী উদ্যান থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। বুধবার সন্ধ্যার পর তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে মেঘমল্লার বসুকে অচেতন ও অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। হাসপাতালের মেডিসিন বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অর্থাৎ আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, বরং সময় গড়ার সাথে সাথে অবনতি হতে থাকে। বুধবার সন্ধ্যার পর তার শারীরিক পরিস্থিতির চরম অবনতি ঘটে এবং তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

মেঘমল্লার বসুর এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় তার পরিবার, বন্ধুবান্ধব এবং রাজনৈতিক মহলে গভীর শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা তার জীবন রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এই সংকটাপন্ন অবস্থা নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে। হাসপাতালের চিকিৎসকদের একটি বিশেষ মেডিকেল বোর্ড তার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD