রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, স্বাস্থ্যসেবামূলক একটি প্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। চিকিৎসাসেবা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনেকার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। জনগণের মৌলিক অধিকার ও চিকিৎসাসেবা সুরক্ষায় স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক