জোট-মহাজোটে না থাকলেও আওয়ামী লীগ নেতাদের নিয়ে রংপুরে মিটিং করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমসহ জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে রংপুর এস জিএম কাদের বলেছিলেন, আমরা মহাজোটে নেই। গত ২৩ ডিসেম্বর পার্টির সেন্ট্রাল রোডের কার্যালয়ে বসে এমন বক্তব্য দেওয়ার সপ্তাহ না পার হতেই আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করলেন জিএম কাদের।
বৈঠক সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত কারণে জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। সেই ছাড় দেওয়া আসনের মধ্যে রংপুর-৩ একটি। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডল কেন্দ্রের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করেন। এরপর জাতীয় পার্টি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।
গত ২২ ডিসেম্বর রংপুরে জিএম কাদের নিজে প্রচারণা ও গণসংযোগ করেন। এরই অংশ হিসেবে তিনি আবারও রংপুরে এসেছেন এবং চায়ের দাওয়াত দিয়েছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের নেতাদের। সেই চায়ের দাওয়াতে সাড়া দিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগের নেতারা এসেছিলেন স্কাই ভিউয়ের বাসায় এবং রুদ্ধদ্বার ঘণ্টাব্যাপী বৈঠক হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জাপার হয়ে প্রচারণায় অংশ নেবে আওয়ামী লীগ।
রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান, জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে চায়ের দাওয়াত দেয়া হয়েছিল মহানগর আওয়ামী লীগের নেতাদের। সেই দাওয়াতে তারা এসেছিলেন। আজ থেকে আওয়ামী লীগ আমাদের সঙ্গে নির্বাচনী প্রচারণা চালাবেন।