শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

মৌসুমি ফ্লু ও ডেঙ্গুর প্রকোপে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ

একদিকে ডেঙ্গু ও হামের দাপট, অন্যদিকে বাড়ছে মৌসুমি ফ্লুর প্রকোপ। জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন অসংখ্য রোগী। উপসর্গে মিল থাকায় কোন ভাইরাসে আক্রান্ত, তা নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে বাড়ছে উদ্বেগ। একসঙ্গে একাধিক রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় চিকিৎসকদের ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, ঋতু পরিবর্তনের এই সময়ে সাধারণত সর্দি-কাশি ও ভাইরাসের সংক্রমণ বাড়ে। তবে এর সঙ্গে ডেঙ্গু এবং হাম যুক্ত হওয়ায় পরিস্থিতি কিছুটা জটিল আকার ধারণ করেছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা। সাধারণ জ্বর মনে করে অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত কয়েকদিনে বহির্বিভাগে রোগীর লাইন দীর্ঘ হচ্ছে। অনেককে আবার ডেঙ্গু পরীক্ষার জন্য ল্যাবগুলোতে লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেছে। চিকিৎসকরা বলছেন, জ্বর হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা জরুরি। একই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাওয়ার এবং বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD