নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত কিছুদিন ধরে কিছুটা শারীরিক ক্লান্তি বোধ করায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতালে আসেন। পরবর্তীতে হাসপাতালের হৃদরোগ বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এর মধ্যে এনজিওগ্রাম করানোর পর তার হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক পাওয়া গেছে বলে চিকিৎসকরা গণমাধ্যমকে জানান।
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে আগামী এক বা দুই দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
আরববাংলা টিভি