সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

লাওসে গিয়ে বিপাকে ২০ বাংলাদেশি কর্মী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ

বৈধভাবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটির ছাড়পত্র নিয়ে উন্নত জীবনের আশায় কাজের উদ্দেশ্যে লাওসে গিয়ে চরম বিপাকে পড়েছেন কুড়িটি বাংলাদেশি কর্মী। ভিনদেশে পৌঁছানোর পর তাদের ভাগ্যে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। তাদের অভিযোগ, লাওসের একটি নামী রেস্টুরেন্টে আকর্ষণীয় বেতনে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের দেশটিতে পাঠানো হয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর তারা দেখতে পান যে সংশ্লিষ্ট কোনো কোম্পানি বা কাজের অস্তিত্বই সেখানে নেই। প্রতারণার শিকার হয়ে এই কর্মীরা এখন মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগী প্রবাসীরা গণমাধ্যমকে জানান, দালাল চক্র ও অসাধু এজেন্সির মাধ্যমে মোটা অঙ্কের টাকা খরচ করে তারা লাওসে পাড়ি জমান। বিএমইটির বৈধ ছাড়পত্র থাকায় তাদের মনে কোনো সন্দেহ ছিল না। কিন্তু লাওসে নামার পর স্থানীয় যোগাযোগ মাধ্যম ও স্বজনদের সহায়তায় তারা বুঝতে পারেন যে সম্পূর্ণ একটি ভুয়া প্রতিশ্রুতির ভিত্তিতে তাদের বিদেশে পাঠানো হয়েছে। যে কোম্পানির নাম বলে তাদের ভিসা দেওয়া হয়েছিল, বাস্তবে সেই নামের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব লাওসে খুঁজে পাওয়া যায়নি। ফলে চুক্তি অনুযায়ী কাজ তো দূরের কথা, থাকার জায়গাও অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জন্য।

বিদেশ বিভুঁইয়ে এমন আকস্মিক পরিস্থিতিতে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই ২০ বাংলাদেশি। তাদের পকেটের জমানো অর্থ ইতোমধ্যে ফুরিয়ে এসেছে এবং ভিসার মেয়াদও শেষের পথে। অনতিবিলম্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ভুক্তভোগী কর্মীরা এই মানবপাচার ও প্রতারণার সাথে জড়িত দালাল চক্রের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো নাগরিক এভাবে বিদেশে গিয়ে প্রতারণার শিকার না হন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD