বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

মা হারালেন সংগীতশিল্পী বেবী নাজনীন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনের মা আবিদা মনসুর মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বেবী নাজনীনের ভাই এনাম সরকার তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার মা দীর্ঘদিন ধরেই কিডনিসহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন। কয়েক বছর ধরে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ ঈদের আগে মায়ের শারীরিক অবস্থা আরও গুরুতর হয়। তারপর থেকে মাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। মা আর সিসিইউ থেকে ফেরেননি।

তিনি জানান, গুলশানের একটি মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে দাফন করা হয়। শনিবার (২০ এপ্রিল) জন্মস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাড়িতে মায়ের কুলখানি অনুষ্ঠিত হবে।

এনাম জানান, বর্তমানে পেশাগত কাজে তার বোন বেবী নাজনীন যুক্তরাষ্ট্র থেকে জাপানে গেছেন। যাওয়ার পথেই মায়ের মৃত্যুসংবাদ পেয়েছেন। রাতেই তিনি ঢাকা ফিরবেন।

উল্লেখ্য, বেবী নাজনীনের বাবা মনসুর সরকার জাতীয় বেতার ও টেলিভিশনের একজন বিশেষ শ্রেণির যন্ত্রশিল্পী ছিলেন। তিনি ২০১৬ সালে প্রয়াত হন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে বেবী নাজনীন সন্তান হিসেবে সবার বড়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD