ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানিয়েছে ইরান। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি গ্রহণ করবে ইরান।
বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই কূটনৈতিক বার্তা দেন ইরানি রাষ্ট্রদূত। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুর পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় উভয় দেশের পক্ষ থেকে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল পরিস্থিতির মধ্যে ইরান ও বাংলাদেশের এই কূটনৈতিক বোঝাপড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে পররাষ্ট্রনীতিতে নানা ধরনের ভারসাম্যহীনতা ও পরাধীনতার শিকার হয়েছিল বাংলাদেশ। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।
বৈঠক শেষে ইরানি রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের বর্তমান উদ্যোগগুলো প্রশংসনীয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্ব নতুন মাত্রা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডেস্ক রিপোর্ট