টানা তিন দিনের ভারী বর্ষণে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দেওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি জেলায় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার এ ঘোষণা দেওয়া হয়।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিতিপ্রত খাতের এই আকস্মিক দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। টানা বৃষ্টির ফলে থাইল্যান্ডের এই মেগাসিটির প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং নিচু এলাকাগুলোর ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং জরুরি সেবাগুলো সচল রাখতে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। শহরটির নিষ্কাশন ব্যবস্থা অতিরিক্ত পানির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
স্থানীয় প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে। ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আরববাংলা টিভি/ডেস্ক