বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বিএনপি নেতাদের দায় স্বীকার বিষয়ে ডিবি প্রধানের বক্তব্য মিথ্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ

‘গ্রেপ্তারের পর বিএনপির নেতারা অগ্নিসংযোগ ও ভাঙচুরের দায় স্বীকার করেছেন’, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদের এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, ‘৮ নভেম্বর গণমাধ্যমে প্রকাশিত ২৮ অক্টোবরের নাশকতার ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপির শীর্ষ নেতাদের স্বীকারোক্তি নিয়ে ডিবি প্রধানের বক্তব্য সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। কারণ, ২৮ অক্টোবরের পর নাশকতার যেসব ঘটনা ঘটেছে, তার সবগুলোতেই সরকারদলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই জড়িত ছিল। চাক্ষুষ ও বিভিন্ন ফুটেজে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত বিএনপি নেতাদের আইনজীবীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, নেতারা ডিবি কার্যালয়ে এ ধরনের কোনো স্বীকারোক্তি দেননি।’

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের বিশ্বস্ত দোসর হিসেবে গোয়েন্দা প্রধান নির্লজ্জ মিথ্যাচার করেছেন, যা চতুর অপকৌশল মাত্র। আমি দলের পক্ষে ডিবি প্রধানের মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাই।‘

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD