চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ দেশের লাভজনক ও কৌশলগত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার সিদ্ধান্তকে অত্যন্ত আত্মঘাতী ও অদূরদর্শী হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির পক্ষ থেকে অবিলম্বে এ ধরনের হটকারী সিদ্ধান্ত বাতিলের জোরালো দাবি জানানো হয়েছে। গণমাধ্যমকে জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ ও বন্দরগুলোর ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া কোনোভাবেই দেশের স্বার্থ রক্ষা করবে না। এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, যেকোনো বড় ধরনের কৌশলগত স্থাপনা লিজ বা হস্তান্তরের পূর্বে অবশ্যই দেশের জনগণের মতামত এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে স্বচ্ছ আলোচনা করা বাধ্যতামূলক হওয়া উচিত ছিল। কিন্তু তা না করে গোপনে বা একতরফাভাবে চুক্তি করার প্রক্রিয়া চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দেশের বন্দর রক্ষা এবং দেশীয় সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে সাইফুল হক বলেন, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের বহু আত্মঘাতী চুক্তি করা হয়েছিল, যার খেসারত আজ দেশের অর্থনীতিকে দিতে হচ্ছে। তিনি অবিলম্বে এই হঠকারী প্রক্রিয়া বন্ধ করে দেশীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান। অন্যথায় দেশবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আরববাংলা টিভি/ডেস্ক