বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

নৌকায় ভোট দিয়ে যা বললেন শাহজাহান ওমর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ৫:৫০ পূর্বাহ্ণ

দল বদল করে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমর বীর উত্তম।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাংগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় অনুভূতি জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন কথা বলার সময় না।

এদিকে ঝালকাঠির দুটি সংসদীয় আসনের ২৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে ৯০টি। এ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সদ্য যোগ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমসহ ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে জেলার চারটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত রয়েছেন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮ জন।

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD