নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই আকস্মিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
গণমাধ্যমকে জানান স্থানীয় উদ্ধারকর্মীরা, পাহাড়ি ঢলের তোড়ে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও স্থানীয় স্থাপনা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন এই অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলতে পারে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নেপাল সরকার ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। হিমালয়কন্যা এই দেশটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের গভীরভাবে ভাবিয়ে তুলছে।
আরববাংলা টিভি/ডেস্ক