সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার কারণে বাংলাদেশ থেকে দেশটিতে ফ্লাইট উড্ডয়ন বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, হুথির হামলার জেরে সৃষ্ট নিরাপত্তা সংকটের কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথ থেকেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ গন্তব্যে হঠাৎ এমন আকস্মিক ঘটনায় বিপাকে পড়েছেন শত শত প্রবাসী যাত্রী। বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং সৌদি কর্তৃপক্ষের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।
নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এয়ারলাইন্সগুলো নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক