নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম (২৮) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে আটক করেছে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার নাটোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে সাংবাদিকদের জানান।
নিহত শাকিল ইসলাম উপজেলার ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে গুরুদাসপুর উপজেলার মশিন্দা এলাকায় রাজনৈতিক দ্বন্দ্বর জেরে শাকিল ইসলামের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, স্থানীয় প্রভাবশালী মহলের ইন্ধনেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এদিকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে তদন্ত জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক