মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

টঙ্গীতে শিশু নিপীড়নের প্রতিবাদকারী রুমি নিখোঁজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনার জোরালো প্রতিবাদ করে দেশজুড়ে আলোচনায় আসা শাহজালাল রুমির কোনো খোঁজ মিলছে না। ঘটনার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তাদের বসবাসরত ফ্ল্যাটটিও তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে টঙ্গীর আউচপাড়া এলাকার শফিউদ্দিন একাডেমি রোডের ১৩০ নম্বর বাড়ির ৭৪/১ হোল্ডিংয়ের ৬/বি নম্বর ফ্ল্যাটে সরেজমিন গিয়ে দেখা যায়, রুমির ফ্ল্যাটের দরজায় ঝুলছে তালা। প্রতিবেশীরা গণমাধ্যমকে জানান, গত কয়েক দিন ধরে রুমির পরিবারকে এলাকায় দেখা যাচ্ছে না। ঘটনার পর হঠাৎ করেই তাদের এই রহস্যজনক অনুপস্থিতি স্থানীয়দের মধ্যে নানা ধরনের উৎকণ্ঠা ও প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্বারিউল কুরআন মাদরাসায় শিশু শিক্ষার্থীকে নিপীড়নের প্রতিবাদ করায় রুমি বিভিন্ন মহলের নজর কাড়েন এবং সাহসী ভূমিকার জন্য প্রশংসিত হন। কিন্তু এই ঘটনার প্রতিবাদ করার পরপরই তার এভাবে নিখোঁজ হয়ে যাওয়া বা আত্মগোপনে চলে যাওয়া অত্যন্ত রহস্যজনক বলে মনে করছেন এলাকাবাসী। সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা অবিলম্বে তার সন্ধান দাবি করেছেন এবং ঘটনার নেপথ্যের প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সারা দেশে শিশু নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের সোচ্চার ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। কার্যকর আইনি পদক্ষেপের অভাব এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপে অনেক সময় প্রতিবাদকারীরা নিরাপত্তার সংকটে পড়েন। শাহজালাল রুমির ক্ষেত্রেও তেমন কিছু ঘটে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে এবং তার খোঁজ পেতে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD