ক্রসফায়ার বিষয়ক মন্ত্যের মাধ্যমে পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি নিজে এবং পুরো পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছেন। এর মাধ্যমে বর্তমান সরকার ও দেশের সাধারণ জনগণকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক গুরুত্বপূর্ণ পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আইনজীবী শিশির মনির তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু বিচারবহির্ভূত হত্যা বা ক্রসফায়ার নিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তার এ ধরনের মন্তব্য জনমনে গভীর শঙ্কা ও উদ্বেগের জন্ম দিচ্ছে। এমন বক্তব্য কেবল আইনি প্রক্রিয়ার পরিপন্থীই নয়, বরং এটি রাষ্ট্রীয় কাঠামোর জবাবদিহিতাকেও প্রশ্নবিদ্ধ করে তোলে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ বাহিনীর কার্যক্রম নিয়ে বিভিন্ন মহл থেকে নানা ধরনের আলোচনা ও সমালোচনা চলছে। ঠিক এমন একটি সময়ে আইজিপির এ ধরনের মন্তব্য সরকারের সামগ্রিক সংস্কার এজেন্ডাকেও প্রশ্নবিদ্ধ করতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের গণতান্ত্রিক ধারা এবং আইনের শাসন সুসংহত রাখতে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ পেশাদার ও বিতর্কের ঊর্ধ্বে রাখা অত্যন্ত জরুরি।
এদিকে দেশের রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এ ধরনের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তারা বলছেন, অতীতের ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা অন্যায্য চর্চার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে পুলিশ বাহিনীকে সচেষ্ট হতে হবে। জনগণ আশা করে, পুলিশ প্রশাসন কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে না জড়িয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দেশের মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করবে।
আরববাংলা টিভি/ডেস্ক