রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

দীর্ঘদিন ধরে ক্লাসে আসেন না কম্পিউটার শিক্ষক: শিক্ষার্থীরা বঞ্চিত, সরকারের অর্থ অপচয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬ ৬:১৭ pm

চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার সহকারী শিক্ষক (কম্পিউটার শিক্ষা) মোহাম্মদ আলে এমরান (প্রিন্স) প্রতিষ্ঠানে উপস্থিত না থেকেই বেতন-ভাতা ও অন্যান্য সব সুবিধা গ্রহণ করছেন। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পাঠগ্রহণ থেকে বঞ্চিত হলেও তিনি ঠিক পাচ্ছেন বেতন-ভাতা। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অজ্ঞাত স্থানে আত্মগোপনে থাকছেন এই শিক্ষক। শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অভিযোগ করে জানিয়েছেন, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ নেতা হওয়ার সুবাধে তিনি ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময়েও কোনো ক্লাশ না নিয়ে বেতন-ভাতা নিয়েছেন। তৎকালীন সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের আর্শীবাদপুষ্ট এই আওয়ামী লীগ নেতা শুধু ক্লাশ ফাঁকি দিয়ে বেতন-ভাতা নিয়েছেন তা কিন্তু নয়, ওই সময় তিনি উপজেলার আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন নৌকা প্রতীকে। দলীয় রাজনীতি ও ইউনিয়ন পরিষদে সময় দিয়ে গিয়ে তিনি আওয়ামী লীগের সময়ও শিক্ষার্থীদের পাঠদান করেননি। অভিভাবকদের অভিযোগ, শেখ হাসিনার পতনের পর তিনি আত্মগোপনে থেকে প্রতিষ্ঠানের বেতন-ভাতা নিচ্ছেন, মাসের পর মাস তিনি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলেও কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছেন, তারা বছরের পর বছর কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত। শিক্ষক ক্লাশে অনুপস্থিত থাকায় তারা আধুনিক এই প্রযুক্তির যুগে কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারছেন না। কর্তৃপক্ষ এ বিষয়ের শিক্ষককে ক্লাস করাতে বাধ্য করতে পারছেন না, অন্যদিকে বিকল্প ব্যবস্থা হিসেবে নতুন শিক্ষকও নিয়োগ দিচ্ছেন না। ফলে তারা পাঠগ্রহণ থেকে বঞ্চিতই থেকে যাচ্ছেন।

জানা গেছে, ২০১৩ সালের প্রধমার্ধে কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগ নেন মোহাম্মদ আলে এমরান প্রিন্স। ওই সময় মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন মাওলানা মো. আবদুল বারী হাওলাদার। পরবর্তীসময় অধ্যক্ষ ছিলেন মাওলানা মোহাম্মদ আশ্রাফ আলী। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হওয়ায় ওই দুই অধ্যক্ষের সময়ও তিনি ক্লাশে পাঠদান করেননি। তখন তিনি সুযোগ বুঝে প্রতিষ্ঠানে এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিতেন, প্রভাবশালী হওয়ায় অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিয়েছেন। বর্তমান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিনের দায়িত্ব পালনকালেও তিনি অজ্ঞাত স্থানে থেকে বেতন-ভাতা নিচ্ছেন। অধ্যক্ষ নূরুল আমিনও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ফলে একদিকে শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সরকারের অর্থ অপচয় হচ্ছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক যদি বিনা অনুমতিতে একাদিক্রমে ৬০ দিন বা তার বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তবে বিধি অনুযায়ী তার এমপিও (মাসিক বেতন) বাতিল ও চাকরি থেকে বরখাস্ত করার নিয়ম রয়েছে। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষ বা পরিচালনা পর্যষদ এ বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেন না বলে জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে কথা বলতে সহকারী শিক্ষক মোহাম্মদ আলে এমরানের (প্রিন্স) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়, তার কাছে জানতে চাওয়া হয়- কেন তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে না এসে বেতন-ভাতা নিচ্ছেন? এ প্রসঙ্গে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ আছি। অসুস্থতার দরখাস্ত দেওয়া আছে। আপনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়গুলোতে কোনো ছুটি ছাড়া প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েছেন, এমন প্রসঙ্গ তুললে তিনি আর কোনো কথা বলেননি। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, অনুপস্থিত থেকে বেতন নেওয়ার বিষয়টি তার জানা নেই, এ বিষয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আবুল খায়ের বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়া দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত থাকার সুযোগ কারোই নেই। তিনি যতোদূর জানেন, ওই (মোহাম্মদ আলে ইমরান) শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রয়েছে। আবুল খায়ের বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো অনিয়ম হলে সে বিষয়ে ব্যবস্থা নেন অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটি। তারপরও কেউ কোনো বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলে তিনি নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিবেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD