শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ঢাকায় সকালের তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে, দিনে কিছুটা কমতে পারে শীত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ৩:৩৭ am

পৌষের মধ্যভাগে ঢাকায় শীতের আমেজ আরও বেড়েছে। বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৬টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বাড়তে পারে। এতে করে দিনের বেলা শীতের অনুভূতি আগের তুলনায় কিছুটা কমতে পারে।

সকালে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। একইসঙ্গে এসময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশিমক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস অনুযায়ী, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং শুক্রবার (২ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে আবহাওয়ার অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। আর ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD