মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী গণমাধ্যমে যথাযথভাবে প্রচার না হওয়ায় গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেছেন, দেশের মহান স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত এই সেনাপতির জন্মবার্ষিকীর মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ের সংবাদ মূলধারার গণমাধ্যমে সঠিকভাবে স্থান না পাওয়ায় একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি অত্যন্ত লজ্জা পেয়েছেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রকৃত বীরদের অবদান নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি। বিশেষ করে জেনারাল ওসমানীর মতো ক্ষণজন্মা নেতার আদর্শ ও অবদান আমাদের জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত। শুধু জন্মবার্ষিকী নয়, তার মৃত্যুবার্ষিকীও রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা উচিত বলে তিনি মত দেন।
মনিরুল হক চৌধুরী সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে জোরালো দাবি জানান যে, আগামী দিনে পাঠ্যপুস্তকে জেনারেল এম এ জি ওসমানীর বর্ণাঢ্য জীবন ও মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা হোক। যাতে দেশের প্রতিটি শিক্ষার্থী এই বীর সেনানায়কের আত্মত্যাগ সম্পর্কে জানতে পেরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।
ডেস্ক রিপোর্ট