সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে সফল চিকিৎসা শেষে অবশেষে স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার রাত সাড়ে নয়টায় তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি বিদেশে চিকিৎসাধীন ছিলেন। তার এই দীর্ঘ অনুপস্থিতি দলীয় রাজনীতিতে কিছুটা শূন্যতা তৈরি করলেও, তার সুস্থ হয়ে ফিরে আসায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিমানবন্দর এলাকায় তাকে স্বাগত জানাতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে শৃঙ্খলা বজায় রাখতে এবং জট এড়াতে দলের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা আব্বাসের দেশে ফিরে আসা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের নীত নির্ধারণী প্রক্রিয়ায় এবং দলীয় কার্যক্রমে নতুন গতি আনবে। বিশেষ করে দেশের এই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে পরিবারের সদস্য ও দলের শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কুশল বিনিময় করেন।
ডেস্ক রিপোর্ট