গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে এই ভয়াবহ আগুন লাগার সংবাদ পাওয়া যায়। আগুন লাগার খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে ইউনিট সংখ্যা বাড়িয়ে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ অব্যাহত রয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কারখানার ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধার কাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিসের বিশেষ দল। অগ্নিকাণ্ডের ফলে আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কারখানা চত্বরে শত শত শ্রমিক ও স্থানীয় জনতা ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক