কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রকাশ্যে দিবালোকে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ। ইসলামাবাদ রেলস্টেশনে আয়োজিত এ বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহলে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞার পরেও এমন কার্যক্রম কীভাবে সম্ভব হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
আসন্ন ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একটি কর্মসূচি ঘিরে এই ঝটিকা মিছিলটি বের করা হয় বলে জানা গেছে। ভিডিওটিতে দেখা যায়, হাতে গোনা কয়েকজন নেতাকর্মী রেলস্টেশন এলাকায় জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন এবং দ্রুত সটকে পড়েন। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ভিডিওটি খতিয়ে দেখছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের এ ধরনের কর্মকাণ্ডের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে।
আরববাংলা টিভি